শেখ হাচান
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালিত হয়। কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে একটি র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল। সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নকে টেকসই করতে গ্রামীণ এলাকার উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। পল্লী অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীল জনগোষ্ঠী গড়ে তোলার মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নের লক্ষ্য অর্জন সম্ভব। এ লক্ষ্যে সরকারি বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।