নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের উজিরপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে মিহার বেগম (৮০) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। সোমবার (৬ জুলাই) সকাল ৯টা থেকে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে। তিনি উজিরপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্যার স্ত্রী। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল সম্পন্ন করে এবং আইনগত প্রক্রিয়া শুরু করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাওয়ার পর মিহার বেগম প্রতিবেশীদের কাছে নিজের অস্থির লাগার কথা জানান। পরে তিনি ছেলে আমির মোল্যার পৃথক টিনশেড ঘরে প্রবেশ করেন। কিছু সময় পর পরিবারের সদস্যরা তার কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা খুলে দেখেন, তিনি ঘরের বেড়ার বাটামের সঙ্গে নিজের পরিহিত কাপড় পেঁচিয়ে ঝুলে আছেন।
এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে গ্রাম পুলিশ বিষয়টি সালথা থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করে।
সালথা থানা পুলিশ জানায়, ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে আইন অনুযায়ী প্রয়োজনীয় তদন্ত ও অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে।