নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হলেও র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই সন্দেহভাজন মাদক কারবারি পালিয়ে যায়। রবিবার (১৯ জুলাই) দুপুর আনুমানিক ২টা ৩৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
র্যাব-১০-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাঙ্গা থানাধীন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারের নিচে বাজারের দক্ষিণ পাশে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় ভ্যানে থাকা দুই ব্যক্তি র্যাব সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র্যাবের হিসাবে, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।
র্যাব জানায়, পালিয়ে যাওয়া ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুর, ভাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে। তাদের পরিচয় শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (সিনিয়র সহকারী পুলিশ সুপার) তপন সরকার বলেন, উদ্ধার হওয়া মাদক ও জব্দ করা আলামত সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।