সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে এআইভিত্তিক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

 

সুমন মুন্সী

 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় এআইভিত্তিক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৯ জুলাই) সকাল ১০টা থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা (৩০ জুলাই) প্রকাশ করা হবে।

 

এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই শিফটে ফরিদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২৫টি আসনের বিপরীতে প্রায় ৪০০ জন পরীক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। নির্বাচিত প্রশিক্ষণার্থীদের জন্য দুই মাসব্যাপী মোট ৫০টি ক্লাসে ৩০০ ঘণ্টার প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।

 

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও ফরিদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ.এস.এম. মঈনুল আহসান, জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ জান্নাতুল সুলতানা, সহকারী পরিচালক প্রশান্ত কুমার বাড়ৈ এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ফরিদপুর জেলা শাখার কো-অর্ডিনেটর মো. সোহান প্রমুখ।

 

পরিদর্শনকালে তাঁরা পরীক্ষাকেন্দ্রের সার্বিক পরিবেশ, পরীক্ষার্থীদের উপস্থিতি, আসনব্যবস্থা, নিরাপত্তা, প্রশ্নপত্র ব্যবস্থাপনা এবং পরীক্ষা পরিচালনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রশিক্ষণ পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

 

প্রশিক্ষণের বেসিক এআই কোর্সে চ্যাটজিপিটি, মাইক্রোসফট কোপাইলট, ডিপসিক, জেমিনি, গ্রামারলি, কুইলবট, জ্যাসপার, ক্যানভা, পিক্সলার, ইনভিডিও এবং ইলেভেনল্যাবসসহ বিভিন্ন আধুনিক এআই টুল ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে।

 

এছাড়া অ্যাডভান্সড কোর্সে রানওয়ে, সিন্থেশিয়া, মিডজার্নি, ট্যাবলো, জ্যাপিয়ার, ডিসক্রিপ্ট, ক্লিকআপ, নোশন এআই, ডরিক এআই, আহরেফস, সেলসফোর্স, হাবস্পট, কপি ডট এআই, অ্যাডোবি সেনসেই, ড্যাল-ই এবং ভিও প্ল্যাটফর্মের ব্যবহার শেখানো হবে।

 

শুধু এআই টুল ব্যবহারের কৌশলই নয়, প্রশিক্ষণে এআইভিত্তিক কনটেন্ট তৈরি, ডিজিটাল মার্কেটিং, ভিডিও নির্মাণ, ডেটা বিশ্লেষণ, অটোমেশন, ব্যবসায়িক ব্যবস্থাপনা এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

 

সংশ্লিষ্টরা জানান, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত। সঠিক প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের তরুণ-তরুণীরা ঘরে বসেই দেশ-বিদেশের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে আত্মকর্মসংস্থানের পাশাপাশি বৈদেশিক আয় অর্জনের সুযোগ তৈরি করতে পারবেন।