শেখ হাচান
ফরিদপুর শহরের সরকারি নিউ মার্কেট সংলগ্ন মৌ সুপার মার্কেটের একটি গার্মেন্টস গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুজিব সড়কে অবস্থিত মার্কেটটির তৃতীয় তলায় এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪০ থেকে ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, নকশী কাঁথা ব্যবসায়ী মো. রহমানিয়ার মালিকানাধীন ‘নকশী কাঁথা গার্মেন্টস’-এর গোডাউনে হঠাৎ আগুন দেখা দিলে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে তিনটি ইউনিট একযোগে কাজ করে। এ সময় পুলিশ সদস্য ও স্থানীয় ব্যবসায়ীরা উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে সহযোগিতা করেন। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে এবং পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়।
অগ্নিকাণ্ডে গোডাউনে মজুত থাকা বিপুল পরিমাণ নকশী কাঁথা ও অন্যান্য পণ্যসামগ্রী পুড়ে যায়। এছাড়া আগুন নেভানোর কাজে ব্যবহৃত পানির কারণে উল্লেখযোগ্য পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের প্রাথমিক হিসাব অনুযায়ী, ক্ষয়ক্ষতির পরিমাণ ৪০ থেকে ৫০ লাখ টাকার মধ্যে হতে পারে।
এদিকে, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের উৎস এবং প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত করা হবে।
ঘটনার পর এলাকায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হলেও বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।