শেখ হাচান
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার (২৬ জুন) হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। অনুষ্ঠানে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবনিযুক্ত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে হাসপাতালের চিকিৎসাসেবা, চলমান উন্নয়ন কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
দায়িত্ব গ্রহণের পর শামা ওবায়েদ ইসলাম বলেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, যা তার জানা আছে। তিনি বলেন, ভবিষ্যতে এসব সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি হাসপাতালের চিকিৎসাসেবার গুণগত মান বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং দালালমুক্ত হাসপাতাল গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এ অঞ্চলের মানুষের অন্যতম প্রধান চিকিৎসাসেবা কেন্দ্র। রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা, আধুনিক ও কার্যকর চিকিৎসাসেবা প্রদান এবং হাসপাতালের সার্বিক উন্নয়নে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, নতুন সভাপতির নেতৃত্বে হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং চিকিৎসাসেবার মানোন্নয়ন ও উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে ইতিবাচক অগ্রগতি আসবে।
উল্লেখ্য, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরসহ আশপাশের কয়েকটি জেলার বিপুল সংখ্যক মানুষের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন পরিচালনা পরিষদের নেতৃত্বে হাসপাতালের সেবার মান ও ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।