ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের কুজুরদিয়া গ্রামে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী ফারুক বেপারীর (৫০) বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির মা। গত ২১ অক্টোবরের এ ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর ২০২৬, বিকেল সাড়ে ৪টার দিকে অভিযুক্তের নাতনির সঙ্গে খেলছিল শিশুটি। এ সময় ফারুক বেপারী তাকে নিজের ঘরে ডেকে নিয়ে যান এবং তার পরনের পায়জামা খুলে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় শিশুটির মুখের বাঁ পাশে কামড় দিয়ে জখম করার অভিযোগও রয়েছে।
এজাহারে বলা হয়েছে, শিশুটির চিৎকার শুনে অভিযুক্তের স্ত্রী আম্বিয়া বেগম দরজার কাছে গেলে শিশুটি ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে নিজ বাড়িতে চলে আসে। পরে কান্নাকাটি করে মায়ের কাছে ঘটনার বিবরণ দেয়।
শিশুটির মায়ের অভিযোগ, ঘটনার পর অভিযুক্তের স্ত্রীসহ কয়েকজন আত্মীয় তাঁদের বাড়িতে গিয়ে বিষয়টি কাউকে না জানানোর অনুরোধ করেন। এ সময় পাঁচ হাজার টাকা দেওয়ার চেষ্টা করা হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে। শিশুটির মা টাকা নিতে অস্বীকৃতি জানালে টাকাগুলো বিছানার ওপর রেখে তাঁকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
এদিকে, অভিযুক্তের গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্থানীয়রা স্লোগান দেন। অভিযুক্ত ফারুক বেপারীর বক্তব্য জানতে তাঁর বাড়িতে গেলে সেটি তালাবদ্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করা হবে এবং ভুক্তভোগীরা ন্যায়বিচার পাবেন।