মাচ্চরকে হারিয়ে শহীদ জিয়া গোল্ডকাপের চ্যাম্পিয়ন চর শ্যামনগর

নিজস্ব প্রতিবেদক 

 

ফরিদপুর সদর উপজেলার মমিনখাঁর হাট মাধবদিয়া ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে মাচ্চর ইউনিয়ন দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজবাড়ীর চর শ্যামনগর ইউনিয়ন দল। শুক্রবার (৩০ অক্টোবর) মমিনখাঁর হাট বাজার পরিচালনা কমিটির আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

 

ফাইনালে ফরিদপুরের মাচ্চর ইউনিয়ন দল ও রাজবাড়ীর চর শ্যামনগর ইউনিয়ন দল মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে একমাত্র গোলের সুবাদে জয় নিশ্চিত করে চর শ্যামনগর। এর মধ্য দিয়ে টুর্নামেন্টের শিরোপা অর্জন করে দলটি।

 

খেলা দেখতে মাঠে কয়েক হাজার দর্শকের সমাগম ঘটে। স্থানীয় দর্শক ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকার ফুটবলপ্রেমীরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

 

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির সদস্যসচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ, কোতোয়ালি থানা বিএনপির সহসভাপতি আব্দুর রব, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, সাবেক শহর বিএনপি সভাপতি মো. রেজাউল ইসলাম, ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল, জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন (রাজিব), মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ এবং মহানগর কৃষক দলের সহসভাপতি আবু বক্কর সিদ্দিক।

 

খেলা শেষে বিজয়ী চর শ্যামনগর ইউনিয়ন দলের হাতে এক লাখ টাকা, ট্রফি ও মেডেল তুলে দেন প্রধান অতিথি চৌধুরী নায়াব ইউসুফ। রানার্সআপ মাচ্চর ইউনিয়ন দলকে দেওয়া হয় ৪০ হাজার টাকা মূল্যের একটি ফ্রিজসহ অন্যান্য পুরস্কার।

 

এ সময় আয়োজক কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফুটবলপ্রেমীরা উপস্থিত ছিলেন।