সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ফরিদপুরের ক্রিকেটার ওয়াহিদ হাসান জোহানের

 

নিজস্ব প্রতিবেদক 

 

রাজবাড়ীর একটি সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের ক্রিকেটার ওয়াহিদ হাসান জোহানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর স্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

জোহান ফরিদপুরের বন্ধন স্পোর্টিং ক্লাবের নিয়মিত ক্রিকেটার ছিলেন। তাঁর মৃত্যুতে ফরিদপুরের ক্রীড়াঙ্গনে শোকের আবহ সৃষ্টি হয়েছে। ক্লাবের খেলোয়াড়, ক্রীড়া সংগঠক এবং তাঁর পরিচিতজনেরা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেলে চলাচলের সময় চাঁদপুর স্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন জোহান। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

 

ওয়াহিদ হাসান জোহানের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমেও শোকের বার্তা জানিয়েছেন তাঁর সতীর্থ, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্ব। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।