সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, একটি নবজাতকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক 

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক প্রসূতি স্বাভাবিক প্রসবের মাধ্যমে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে হাসপাতালের লেবার ওয়ার্ডে তিন ছেলে ও দুই মেয়ের জন্ম হয়। জন্মের পরপরই একটি নবজাতকের মৃত্যু হলেও অপর চার নবজাতক চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও জীবিত নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

 

হাসপাতাল সূত্রে জানা যায়, ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভবকদিয়া গ্রামের বাসিন্দা মোছা. চাঁদনী আক্তার, স্বামী মো. হাসান শেখ, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে প্রসববেদনা নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিনি একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন।

 

জন্ম নেওয়া পাঁচ নবজাতকের মধ্যে একটি শিশুর জন্মের পরপরই মৃত্যু হয়। বাকি চার নবজাতককে হাসপাতালের নবম তলার শিশু ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও জীবিত চার নবজাতকের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থার ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে।