নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের গট্টি ইউনিয়নের জয়ঝাপ নদীর পাড় এলাকায় মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক প্রচারণা ও সাইনবোর্ড স্থাপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে সমাজকে মাদকমুক্ত রাখার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
প্রচারণার অংশ হিসেবে এলাকায় স্থাপিত সাইনবোর্ডে লেখা হয়—‘মাদককে না বলুন’, ‘মাদক ছাড়ো, নামাজ ধরো’, ‘সুস্থ-সবল জীবন গড়ুন’, ‘মাদক ছাড়ো, নয়তো গ্রাম ছাড়ো’, ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’, ‘Say No to Drugs’, ‘সুস্থ দেহ, আত্মবিশ্বাসী জীবন, সুখী পরিবার, নেশামুক্ত সমাজ’—ইত্যাদি সচেতনতামূলক বার্তা। এসব বার্তার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গট্টি ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল মাতুব্বর, সাধারণ সম্পাদক কালাম মাস্টার, টিটন মিয়া, মোসা তালুকদার, মেম্বারুল ইসলাম মাতুব্বরসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উপস্থিত ব্যক্তিরা বলেন, মাদকাসক্তি প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের সমন্বিত উদ্যোগ জরুরি। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখা সম্ভব বলেও তারা মত প্রকাশ করেন।