নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের সদরপুর উপজেলায় পুকুরে ডুবে আবদুল্লাহ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ভাষানচর ইউনিয়নের সুবদেব নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ ভাষানচর ইউনিয়নের চানপুর গ্রামের বাসিন্দা বেলায়েত হোসেন ও রিনা আক্তারের ছেলে। বেড়াতে এসে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে সে পানিতে ডুবে যায় বলে জানা গেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল্লাহ গত তিন থেকে চার দিন ধরে তার নানা সদর আলীর বাড়িতে অবস্থান করছিল। সোমবার বিকেলে বাড়ির পাশের ইসলাম বয়াতীর পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ পর তাকে আশপাশে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে স্থানীয় বাসিন্দা রাসেল পুকুরে নেমে অনুসন্ধান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে সদরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।