শেখ হাচান
জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ১০টা ৪০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), ফরিদপুরের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এবং সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. আব্দুল হালিম। এছাড়া বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), ফরিদপুরের কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, এ বছরের জাতীয় পল্লী উন্নয়ন দিবসের প্রতিপাদ্য ছিল—‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’। তারা উল্লেখ করেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দেশের পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ড. আখতার হামিদ খানের প্রবর্তিত ‘কুমিল্লা মডেল’-এর ধারাবাহিকতায় ১৯৮২ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠান প্রান্তিক কৃষক ও ভূমিহীন জনগোষ্ঠীকে সমবায়ভিত্তিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে প্রশিক্ষণ, ঋণ এবং প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে।
বক্তারা আরও বলেন, টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সরকারি বিভিন্ন কর্মসূচির কার্যকর বাস্তবায়নের পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে বিআরডিবির কার্যক্রম আরও সম্প্রসারণ ও শক্তিশালী করার ওপরও তারা গুরুত্বারোপ করেন।