শেখ হাচান
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক প্রতিরোধে ব্যবহৃত অ্যান্টি-রেবিস ভ্যাকসিন ও রেবিস ইমিউনোগ্লোবুলিন (আরআইজি) সরবরাহ করা হয়েছে। সোমবার ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুলের ব্যক্তিগত উদ্যোগে এসব চিকিৎসাসামগ্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করা হয়। কুকুর, বিড়ালসহ জলাতঙ্কের ঝুঁকিপূর্ণ প্রাণীর কামড়ে আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, অ্যান্টি-রেবিস ভ্যাকসিন ও রেবিস ইমিউনোগ্লোবুলিনের প্রাপ্যতা নিশ্চিত হওয়ায় উপজেলার বাসিন্দারা এখন স্থানীয় পর্যায়েই জরুরি চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। ফলে রোগীদের দূরবর্তী হাসপাতালে যাওয়ার প্রয়োজন কমবে এবং চিকিৎসা শুরু করতেও বিলম্ব হবে না।
এদিকে স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম ‘সেবায় গুণগত মানের দৃশ্যমান উন্নয়ন’ বিভাগে ফরিদপুর জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন। এ উপলক্ষে ফরিদপুরের সিভিল সার্জন কার্যালয় তাঁকে অভিনন্দন জানিয়েছে।
স্থানীয়দের মতে, উপজেলা স্বাস্থ্য প্রশাসনের বিভিন্ন উদ্যোগ এবং জনপ্রতিনিধিদের সহযোগিতার ফলে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার পরিধি ও মান ধীরে ধীরে উন্নত হচ্ছে। বিশেষ করে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন ও রেবিস ইমিউনোগ্লোবুলিন সরবরাহের ফলে প্রাণীর কামড়ে আক্রান্ত রোগীরা সময়মতো প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাবেন বলে তারা আশা প্রকাশ করেন।