শেখ হাচান
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় দুই লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার পশ্চিম বালিয়াকান্দি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। অভিযানে সহযোগিতা করে র্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম বালিয়াকান্দি এলাকার বাসিন্দা মো. সুজন শেখ (৩৩)-এর বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় প্রায় ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫(২) ধারায় সুজন শেখকে ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে ভবিষ্যতেও সংশ্লিষ্ট আইন অনুযায়ী অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে সংস্থাটি জানিয়েছে।