সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা

 

নিজস্ব প্রতিবেদক 

 

জুলাই শহিদ দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহিদদের স্মরণ, তাঁদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরা এবং নতুন প্রজন্মের কাছে সেই ইতিহাস পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুস্মিতা সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফাতেমা ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা কাজী দেলোয়ার হোসেন, এনসিপি ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব মো. সাঈফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. এনামুল চৌধুরী, মুখপাত্র জেবা তাওসীন এবং সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী ও জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী সানজিদা রহমান সমতা।

 

এ ছাড়া অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী, শহিদ পরিবারের সদস্য, আহত আন্দোলনকারী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তাঁরা বলেন, শহিদদের আত্মত্যাগ গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস এবং শহিদদের অবদান সঠিকভাবে তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

বক্তারা আরও বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ধারণ করে দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

 

অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।