সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নগরকান্দায় রথযাত্রা, সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় রথযাত্রা, হতদরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিজ শামা ওবায়েদ ইসলাম, এমপি। উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করে। একই সময় হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে রথযাত্রা অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী এবং নির্বাচিত হতদরিদ্র, অসহায় ও দুস্থ নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করাই এ উদ্যোগের উদ্দেশ্য।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। এছাড়া জেলা পুলিশ, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

 

অনুষ্ঠান শেষে রথযাত্রা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পাশাপাশি সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণের মাধ্যমে সরকারি উন্নয়ন কর্মসূচির কার্যক্রম বাস্তবায়ন করা হয়।