শেখ হাচান
ফরিদপুরের বিভিন্ন এলাকায় বালু পরিবহনের কাজে ব্যবহৃত পাইপ, মাটি ও ইট সড়কের ওপর ফেলে কৃত্রিম স্পিডবেকারের মতো প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বালু উত্তোলন ও পরিবহনের সুবিধার্থে সড়কের ওপর এসব সামগ্রী রাখা হচ্ছে। এতে যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বিশেষ করে রাতে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।
ফরিদপুর জেলায় বিভিন্ন স্থানে দেখা যায় সড়কের ওপর মাটি ও ইট ফেলে উঁচু করে স্পিডবেকার তৈরি করা হয়েছে। ফলে যানবাহনকে ওই অংশ দিয়ে চলাচলের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। সড়কের ওপর এ ধরনের স্থাপনা বা প্রতিবন্ধকতা তৈরি করা হলেও সেখানে সতর্কতামূলক কোনো দৃশ্যমান ব্যবস্থা নেই বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দিনের বেলায় এসব প্রতিবন্ধকতা কিছুটা দৃশ্যমান হলেও রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় ঝুঁকি বেড়ে যায়। মোটরসাইকেল, ইজিবাইকসহ ছোট যানবাহন চলাচলের সময় হঠাৎ সামনে উঁচু অংশ বা পাইপ পড়ে গেলে চালকের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা থাকে।
তাদের অভিযোগ, ব্যক্তিগত বা ব্যবসায়িক কাজে সড়কের ওপর মাটি, ইট ও পাইপ রাখার কারণে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটছে। তবে এসব প্রতিবন্ধকতা তৈরির সঙ্গে কারা জড়িত, তা নির্দিষ্টভাবে জানা যায়নি।
সড়ক ব্যবহারকারীদের প্রশ্ন, এ ধরনের কৃত্রিম স্পিডবেকার বা অননুমোদিত প্রতিবন্ধকতার কারণে কোনো পথচারী কিংবা যানবাহন দুর্ঘটনার শিকার হলে এর দায়ভার কে নেবে। একই সঙ্গে সড়কের ওপর এ ধরনের প্রতিবন্ধকতা তৈরির অনুমতি রয়েছে কি না, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
জননিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সড়কের ওপর রাখা মাটি, ইট ও বালু পরিবহনের পাইপ সরিয়ে নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের প্রতিবন্ধকতা তৈরি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।