ফরিদপুরে মিনি বার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আলিপুর কিংস

নিজস্ব প্রতিবেদক 

ফরিদপুরে রাবেয়া চৌধুরী স্মৃতি মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ফয়সাল বাখুন্ডা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আলিপুর কিংস। শুক্রবার রাতে ফরিদপুরের হাজরাতলা গোয়ালচামট এলাকায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ টুর্নামেন্টের সমাপ্তি হয়। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, সুস্থ বিনোদনের সুযোগ তৈরি এবং মাদকবিরোধী সামাজিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

 

টুর্নামেন্টে মোট ১৬টি দল নকআউট পদ্ধতিতে অংশ নেয়। বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে আলিপুর কিংস ও ফয়সাল বাখুন্ডা একাদশ ফাইনালে মুখোমুখি হয়। ফাইনাল শেষে আলিপুর কিংসকে চ্যাম্পিয়ন এবং ফয়সাল বাখুন্ডা একাদশকে রানারআপ ঘোষণা করা হয়।

 

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি ও আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী বেনজির আহমেদ তাবরিজ।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আয়োজক ও ফরিদপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সিফাত ইবনে হুদা, রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিউল মঞ্জুর, ফরিদ আনিসুর রহমান, তাজুল, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মো. আব্দুল্লাহ এবং ফরিদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাহিদুজ্জামান নাহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে নৈতিক অবক্ষয় ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব। এ মাঠে ফুটবলের পাশাপাশি ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন তারা।

 

বক্তারা আরও বলেন, ফরিদপুরে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম শুরু হয়েছে এবং ভবিষ্যতেও এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

 

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আলিপুর কিংসকে ট্রফির পাশাপাশি ২৫ হাজার টাকা এবং রানারআপ ফয়সাল বাখুন্ডা একাদশকে ট্রফি ও ১৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের মিলন। তাঁকেও আর্থিক পুরস্কার দেওয়া হয়।

 

ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন রেফারি মোহাম্মদ কুরবান আলী। খেলাটি দেখতে উল্লেখযোগ্যসংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন।

 

সন্ত্রাস প্রতিরোধ সমাজকল্যাণ সমিতি, হাজরাতলা গোয়ালচামটের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের মূল লক্ষ্য ছিল খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করা এবং মাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধি করা।