সাউথ পয়েন্ট ইউনিভার্সিটির ভবন থেকে পড়ে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, ফরিদপুরে শেষকৃত্য বিকেলে

 

রবিউল হাসান (রাজিব)

ঢাকার মালিবাগ সাউথ পয়েন্ট ইউনিভার্সিটির ভবন থেকে পড়ে গিয়ে অমিত ঘোষ (১৭) নামের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

 

নিহত অমিত ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ১নং ওয়ার্ডের পিয়ারপুর এলাকার বাসিন্দা এবং ঢাকার মৌচাক শাখা ‘আপন জুয়েলার্স’-এর ম্যানেজার সুবল ঘোষের (বুলু) ছোট ছেলে।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (১৩ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ভবনের ওপর থেকে নিচে পড়ে যান অমিত। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ শিশু কল্যাণ একাডেমি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোররাত ৫টার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

 

মেধাবী এই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার আজ সন্ধ্যায় ফরিদপুরের পিয়ারপুরে তাঁর নিজ বাসভবনসংলগ্ন পারিবারিক শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।