রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তদন্তে সত্যতা নিশ্চিত না করে সাংবাদিক গ্রেফতার না করার দাবি

তদন্তে সত্যতা নিশ্চিত না করে সাংবাদিক গ্রেফতার না করার দাবি

 

নিজস্ব প্রতিবেদক:

 

মামলার তদন্তে অভিযোগের সত্যতা নিশ্চিত না করে কোনো সাংবাদিককে গ্রেফতার না করার দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নেতারা। একই সঙ্গে তারা সাংবাদিকদের হয়রানি বন্ধ ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন।

 

রোববার (১০ মে) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব-এর সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি তুলে ধরা হয়। ‘সচেতন সাংবাদিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর।

 

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ উঠলে তা যথাযথভাবে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। তবে অভিযোগের সত্যতা যাচাই ছাড়া কাউকে গ্রেফতার করা হলে তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।

 

কর্মসূচিতে সাংবাদিক আনোয়ার হোসেন-কে আটকের ঘটনার প্রসঙ্গ তুলে ধরা হয়। বক্তাদের দাবি, গত ৪ মে ভোররাতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ। এ সময় তার বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেফতারি পরোয়ানা রয়েছে কি না জানতে চাওয়া হলেও পুলিশ তা দেখাতে পারেনি বলে অভিযোগ করা হয়। পরে তাকে থানায় নেওয়া হয় এবং পরদিন ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে খালাস দেন বলে মানববন্ধনে উল্লেখ করা হয়।

 

এ ঘটনায় কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক-এর অপসারণ দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

 

মানববন্ধনে আরও বক্তব্য দেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতা জাকির হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য হুমায়ুন কবির, সাংবাদিক নেতা টিটু, ডিইউজের সাবেক নির্বাহী সদস্য জেসমিন জুঁই, তাজুল ইসলাম, রাসেল, তাজউদ্দীন, আফসার ও আসলাম।

 

বক্তারা অবিলম্বে কারাবন্দী সাংবাদিকদের জামিন, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন এবং সাংবাদিকদের একটি নির্ভরযোগ্য তালিকা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।