সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

ফরিদপুরে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

 

  • ফরিদপুর প্রতিনিধি:

 

ফরিদপুর সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মায়েশা আক্তার (২ বছর ৬ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে দুর্ঘটনায় আহত হওয়ার পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

 

নিহত মায়েশা আক্তার সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের মগরম শেখের পাড়া গোয়ালের টিলা এলাকার ইরসাদ শেখ ও রহিমন নেছা দম্পতির মেয়ে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে মায়েশা তার মায়ের সঙ্গে বাড়ির সামনের পাকা সড়ক পার হচ্ছিল। এ সময় অজ্ঞাতনামা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

হাসপাতালে কয়েক ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর সন্ধ্যায় শিশুটির মৃত্যু হয়। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।