মধুখালীতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের মধুখালী উপজেলায় মাইমুনা আক্তার মৌ (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিট থেকে ২টার মধ্যে উপজেলার বাগাট বিশ্বাস পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মো. মিজানুর রহমানের মেয়ে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, নতুন নির্মিত বাড়ির একটি কক্ষে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে মাইমুনার মা আসমা খাতুন পাশের কক্ষে গিয়ে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। প্রতিবেশীদের সহযোগিতায় ওড়না কেটে তাকে নিচে নামানো হলে তিনি মৃত বলে নিশ্চিত হন।
খবর পেয়ে মধুখালী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নুর ইসলাম শিকদার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে মরদেহ থানায় নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।