সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভায় নার্সদের ভূমিকা তুলে ধরা হয়

ফরিদপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভায় নার্সদের ভূমিকা তুলে ধরা হয়

ফরিদপুরে জেলা প্রতিনিধি:

ফরিদপুরে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ—জীবন রক্ষার প্রয়োজনে নার্সদের ক্ষমতায়ন” প্রতিপাদ্যে দিনব্যাপী এ আয়োজন করা হয়। কর্মসূচিতে হাসপাতালের নার্স, কর্মকর্তা ও স্বাস্থ্যসেবাকর্মীরা অংশ নেন।

 

সকালে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে প্রায় দুই শতাধিক নার্স অংশগ্রহণ করেন। বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও সচেতনতামূলক স্লোগানে অংশগ্রহণকারীরা নার্সদের পেশাগত গুরুত্ব ও স্বাস্থ্যসেবায় তাদের অবদারের বিষয়টি তুলে ধরেন।

 

র‌্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) সভাপতি নাসির উদ্দিন পলাশ, সেবা তত্ত্বাবধায়ক শামসুন্নাহার, বিএনএ’র সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সিনিয়র নার্স শেফালী ঘোষ ও রুবি আক্তারসহ হাসপাতালের জ্যেষ্ঠ নার্স কর্মকর্তারা।

 

পরে হাসপাতালের তৃতীয় তলার হলরুমে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নার্সদের পেশাগত দায়িত্ব, মানবিক সেবা এবং স্বাস্থ্যখাতে তাদের অবদান নিয়ে আলোচনা করা হয়।

 

বিএনএ’র সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন হাসপাতালের উপ-পরিচালক ডা. মানষ কৃষ্ণ কুন্ড, সহকারী পরিচালক ওমর ফয়সাল, ডা. খান মো. আরিফ, সেবা তত্ত্বাবধায়ক শামসুন্নাহার, বিএনএ’র সভাপতি নাসির উদ্দিন পলাশ, সিনিয়র নার্স কাজী গালিব, শেফালী ঘোষ, রুবি আক্তার, তানিয়া সুলতানা, হাওয়া বেগম ও লতিফা আক্তারসহ অন্যরা। সভায় সভাপতিত্ব করেন নাসির উদ্দিন পলাশ।

 

বক্তারা বলেন, রোগীর সার্বক্ষণিক পরিচর্যা, মানসিক সহায়তা এবং জরুরি মুহূর্তে তাৎক্ষণিক সেবা প্রদানের ক্ষেত্রে নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা উল্লেখ করেন, করোনা মহামারিসহ বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে জীবনের ঝুঁকি নিয়ে নার্সরা দায়িত্ব পালন করেছেন।

 

আলোচনা সভায় নার্সদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য আধুনিক প্রশিক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ এবং যথাযথ মূল্যায়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত নার্সরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়ার কথা তুলে ধরলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সেগুলো সমাধানের আশ্বাস দেন।