সদরপুরে অভিযান: দুই জেলেকে জরিমানা, নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের সদরপুর উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে দুই জেলেকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী, রিং ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার পদ্মা নদীর কাড়ালকান্দি, মোল্লাকান্দি, চর বলাশিয়া ও মাদ্রাসা ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সদরপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নদীতে নিষিদ্ধ জাল ব্যবহারের কারণে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতিতে মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ জাল ব্যবহারে নিরুৎসাহিত করতে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ৬৭টি চায়না দুয়ারী জাল, তিনটি গুটি জাল এবং দুটি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এছাড়া মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী দুই জেলেকে মোট দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রসিকিউশন দেন সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।