ফরিদপুরে হামের সংক্রমণ বাড়ছেই, আক্রান্ত ছাড়াল ১ হাজার ২৫০
নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরে চলতি বছর হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যে দেখা গেছে, ১ জানুয়ারি থেকে ১২ মে সকাল ৮টা পর্যন্ত জেলায় মোট ১ হাজার ২৫০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৫ জন। আক্রান্তদের অধিকাংশই শিশু এবং টিকাবঞ্চিত বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত তথ্যে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় সেখানে ৩৬ জন নতুন রোগী ভর্তি হন। একই সময়ে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২০ জন।
বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১১৬ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৪৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতাল থেকে মোট ৪৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছরে এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৭১ জন রোগী।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে হাম আক্রান্ত হয়ে জেলায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ফরিদপুর সদরে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ২২ জন। এছাড়া বোয়ালমারীতে ২১ জন, সদরপুরে ১৪ জন, ভাঙ্গায় ১২ জন, আলফাডাঙ্গায় ৯ জন, চরভদ্রাসনে ৬ জন, সালথায় ৫ জন, মধুখালীতে ৩ জন এবং নগরকান্দায় ২ জন আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি অভিভাবকদের সচেতন করতে বিভিন্ন এলাকায় প্রচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।