সালথায় লিচুর দাম নিয়ে বিরোধে বিক্রেতাকে পিটিয়ে হত্যা

সালথায় লিচুর দাম নিয়ে বিরোধে বিক্রেতাকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরে সালথা উপজেলায় লিচু খেয়ে টাকা পরিশোধ না করাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ ও মারামারির ঘটনায় আজিজুল মোল্লা (৬৫) নামে এক লিচু বিক্রেতার মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নিহত আজিজুল মোল্লা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মৃত আব্দুল মান্নান মোল্লার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত শাকিল মুন্সি (২৫) ও তুষার মুন্সি (২৭) আপন দুই ভাই। তারা উপজেলার সোনাপুর ইউনিয়নের চর বাংরাইল গ্রামের মোশাররফ মুন্সির ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া বাজারে লিচু বিক্রি করছিলেন আজিজুল মোল্লা। এ সময় শাকিল ও তুষার মুন্সি তার কাছ থেকে লিচু খাওয়ার পর টাকা পরিশোধ না করায় উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে আজিজুল মোল্লা গুরুতর আহত হন।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ জানান, লিচু খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এক ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।