তালেবান সরকারের সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছে রাশিয়া
নিউজ ডেস্ক:
আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের সঙ্গে অংশীদারিত্বমূলক সম্পর্ক জোরদার করছে রাশিয়া। একই সঙ্গে দেশটির সঙ্গে সহযোগিতা বাড়াতে আঞ্চলিক অন্যান্য দেশকেও উৎসাহিত করছে মস্কো। রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর নিরাপত্তা কর্মকর্তাদের এক বৈঠকে এ তথ্য জানান।
রুশ সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্সের বরাতে জানা যায়, বৈঠকে শোইগু বলেন, আফগানিস্তানের সঙ্গে সহযোগিতা আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। তিনি জানান, তালেবান সরকারের সঙ্গে রাশিয়া বিভিন্ন বিষয়ে সংলাপ এগিয়ে নিচ্ছে। এসব আলোচনায় নিরাপত্তা, বাণিজ্য, সংস্কৃতি ও মানবিক সহায়তার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিওভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে চীন, ভারত, ইরান, পাকিস্তান এবং কয়েকটি সাবেক সোভিয়েত রাষ্ট্র। বৈঠকে শোইগু আফগানিস্তানকে কেন্দ্র করে এসসিওর যোগাযোগ গ্রুপ পুনরায় সক্রিয় করার প্রস্তাবও দেন।
২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বিদেশি বাহিনী আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেওয়ার পর তালেবান দেশটির নিয়ন্ত্রণ গ্রহণ করে। পরবর্তীতে ২০২৫ সালে রাশিয়া প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।
বিশ্লেষকদের মতে, আফগানিস্তানকে ঘিরে আঞ্চলিক কূটনৈতিক ও নিরাপত্তা সমন্বয় জোরদারে রাশিয়ার এ উদ্যোগ ভবিষ্যতে মধ্য ও দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।