সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে মা–মেয়ে হ/ত্যা/র রহস্য উদঘাটন, গ্রে/ফ/তার ১

ফরিদপুরে মা–মেয়ে হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ১

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের কোতোয়ালি থানার চর মাধবদী ইউনিয়নে মাটি চাপা অবস্থায় মা ও শিশুকন্যার মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলার রহস্য উদঘাটনের করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলে রোববার কোতোয়ালি থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৪ মে চর মাধবদী ইউনিয়নের কালিতলা এলাকার পুকুরপাড় সংলগ্ন স্থানে মাটি চাপা অবস্থায় জাহানারা বেগম (৩০) ও তার পাঁচ বছর বয়সী কন্যা সামিয়ার মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের স্বজন মো. লালন মোল্লা কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজবাড়ীর গোয়ালন্দ থানার বকারটিলা এলাকা থেকে মো. উজ্জ্বল খান (৩৮) নামের একজনকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ফাতেমা ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা যায়, ঢাকার আমিনবাজার এলাকায় একটি ইটভাটায় কাজের সময় জাহানারা বেগমের সঙ্গে উজ্জ্বল খানের পরিচয় হয়। পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

 

পুলিশের তথ্য অনুযায়ী, বিয়ের প্রলোভন দেখিয়ে উজ্জ্বল খান জাহানারাকে ফরিদপুরে নিয়ে আসেন। এরপর ৪ মার্চ রাতে চর মাধবদী ইউনিয়নের কালিতলা এলাকার একটি নির্জন ছাপড়া ঘরে তাদের মধ্যে বিরোধের একপর্যায়ে জাহানারা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে ঘটনাস্থলেই শিশুকন্যা সামিয়াকেও গলা টিপে হত্যা করা হয়।

 

ঘটনার পর মরদেহ গোপন করতে অভিযুক্ত ব্যক্তি নিজ বাড়ি থেকে কোদাল এনে ছাপড়া ঘরের পাশে পৃথক দুটি গর্ত খুঁড়ে মা–মেয়ের মরদেহ মাটি চাপা দেন বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র, কোদাল, নিহতদের পোশাক, একটি মালা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

 

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ সম্মেলনে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তদন্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।