সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

 

ফরিদপুর প্রতিনিধি:

 

ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম। সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জেলার প্রস্তুতি, জনসেবা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী কার্যক্রম, কোরবানির পশুর চামড়া ব্যবস্থাপনা এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম এবং কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান রঞ্জন চৌধুরীসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

 

সভায় বক্তারা বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে জনসেবা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা প্রশাসনের প্রধান অগ্রাধিকার। এ সময় কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নগর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নিয়মিত তদারকির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

 

এছাড়া মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়। সভায় অংশগ্রহণকারীরা সমন্বিত উদ্যোগের মাধ্যমে জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেন।