সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১৪ ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১৪ ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। সোমবার (১৮ মে) রাত ১টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব জব্দ করা হয়। সীমান্তপথে গরু ও মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

 

৫৩ বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়নের আওতাধীন মনোহরপুর, মাসুদপুর, জহুরপুর, বাখেরআলী, ফরিদপুর ও মনাকষা বিওপি পৃথকভাবে অভিযান পরিচালনা করে। এর মধ্যে শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রাম থেকে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক মূল্য ৫২ হাজার ৫০০ টাকা।

 

এ ছাড়া সদর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মোট ১৪টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

বিজিবির তথ্যমতে, চলতি মে মাসে এখন পর্যন্ত ৫৩ বিজিবি মোট ৩৩টি গরু এবং ৯৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭২ লাখ ৮৭ হাজার টাকা।

 

জব্দ করা মদ শিবগঞ্জ থানায় এবং গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত এলাকায় গরু ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।