সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে যৌতুক মামলায় স্ত্রী হ’ত্যা’য় স্বামীর যা’ব’জ্জী’ব’ন

ফরিদপুরে যৌতুক মামলায় স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, ফরিদপুর–এর বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত শাহীন মীর মালত (৩৪)–কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; জরিমানা অনাদায়ে তাকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং পরে তাকে কারাগারে পাঠানো হয়।

 

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৯ সালে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের সাঘা বিশ্বাসের ডাঙ্গী গ্রামের স্মৃতি আক্তার (২২)–এর সঙ্গে একই জেলার অম্বিকাপুর ইউনিয়নের আজাহার মণ্ডলের পাড়া গ্রামের শাহীন মীর মালতের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি পুত্রসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী মাদকাসক্ত হয়ে যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ উঠে।

 

অভিযোগে বলা হয়, পারিবারিক সমঝোতার অংশ হিসেবে ২০২১ সালে নিহতের পরিবার প্রায় এক লাখ টাকা যৌতুক প্রদান করে। এরপরও তিন লাখ টাকা অতিরিক্ত যৌতুক দাবি করে নির্যাতন অব্যাহত রাখে অভিযুক্ত ব্যক্তি।

 

এজাহার অনুযায়ী, ২০২২ সালের ২৮ জানুয়ারি সন্ধ্যা থেকে রাতের মধ্যে স্বামী শাহীন মীর মালত ঘরের ভেতর স্ত্রী স্মৃতি আক্তারকে শ্বাসরোধে হত্যা করেন। পরে ঘটনাটি ধামাচাপা দিতে মরদেহ ঘরের চৌকিতে ফেলে রেখে তিনি পালিয়ে যান।

 

পরদিন স্থানীয়দের খবরের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা ফারুক মাতুব্বর ৩১ জানুয়ারি থানায় মামলা করেন।

 

তদন্ত শেষে ২০২২ সালের ৩০ এপ্রিল কোতোয়ালি থানার উপ-পরিদর্শক সুজন বিশ্বাস একমাত্র অভিযুক্ত শাহীন মীর মালতকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।

 

রায় প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি পিপি গোলাম রব্বানী বলেন, এই রায় সমাজে যৌতুকবিরোধী অপরাধের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে বলে তারা আশা করছেন।