ভাঙ্গায় নকল কসমেটিক কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা
ভাঙ্গা উপজেলা প্রতিনিধি:
ফরিদপুরের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় অবৈধভাবে নকল ও নিম্নমানের কসমেটিক পণ্য উৎপাদনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং বিপুল পরিমাণ পণ্য ধ্বংস করা হয়েছে। সোমবার (১৮ মে) রাত সাড়ে ৭টার দিকে ভাঙ্গা পৌরসভার চন্ডিদাসদী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে একটি ভবনে অভিযান চালিয়ে নকল কসমেটিক উৎপাদনের সময় মো. রেজাউল মাতুব্বর-কে হাতেনাতে আটক করা হয়। তিনি নগরকান্দা উপজেলার দক্ষিণকান্দী গ্রামের আছমত মাতুব্বরের ছেলে বলে জানা গেছে।
পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ নকল ও নিম্নমানের কসমেটিক পণ্য জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। একই সঙ্গে ওই ভবনে চলমান অবৈধ উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়াম। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অভিযুক্তকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার অঙ্গীকারে মুচলেকা নেওয়া হয়।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন ভাঙ্গা থানার পুলিশ সদস্যরা। এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি (তদন্ত) আল আমিন বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নকল পণ্য উৎপাদনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের অভিযান নিয়মিত হলে ভেজাল ও নকল পণ্যের বিস্তার রোধ করা সম্ভব হবে এবং জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে।