ফরিদপুরে বাড়ছে হামের সংক্রমণ, ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৫
নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুর জেলায় হামের সংক্রমণ ক্রমেই উদ্বেগজনক আকার ধারণ করছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৫৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৫৬৫ জন হাম রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ১২ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, টিকাদানে অনীহা ও সচেতনতার অভাব সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে। এছাড়া ঘনবসতিপূর্ণ এলাকায় দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।
উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে মধুখালী উপজেলায়। বর্তমানে আলফাডাঙ্গায় ২১ জন, বোয়ালমারীতে ১৪ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ৬ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২২ জন এবং ফরিদপুর সদরে ৫ জন আক্রান্ত রয়েছেন।
চিকিৎসাসেবা পরিস্থিতি নিয়ে হাসপাতাল সূত্র জানিয়েছে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন ১১১ জন। এ পর্যন্ত হাসপাতালটি থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮৮১ জন রোগী। অন্যদিকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২২ জন। বর্তমানে সেখানে ৫০ জন রোগী ভর্তি রয়েছেন এবং এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৩৯৮ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে হাসপাতালগুলোতে অতিরিক্ত শয্যা ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। স্বাস্থ্য বিভাগ জনসমাগমে সতর্কতা অবলম্বন ও আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শও দিয়েছে।