সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালথায় ভূমিসেবা মেলা উপলক্ষে র‍্যালি ও জনসচেতনতামূলক সভা

 

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরের সালথা উপজেলা-এ “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে র‍্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

 

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।

 

সভায় বক্তারা ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ডিজিটাল ভূমিসেবা কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি ও জটিলতা থেকে মুক্ত রাখা সম্ভব হবে। পাশাপাশি ভূমি সংক্রান্ত সেবা দ্রুত ও কার্যকরভাবে জনগণের কাছে পৌঁছে দিতে সরকারি বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিন, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তরিকুল ইসলাম এবং সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ।

 

এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।