সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা সহায়তা মেলা শেষ

  • নিজস্ব প্রতিবেদক 

 

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা সহায়তা মেলা শেষ হয়েছে। মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা নিতে জেলার বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ অংশ নেন। শেষ দিনেও সেবাগ্রহীতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। জনসাধারণের কাছে সহজ ও দ্রুত ভূমি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, মেলায় প্রতিদিন গড়ে ৫০ থেকে ১৫০ জন সেবাগ্রহীতা বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করেছেন। এর মধ্যে নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, ভূমি উন্নয়ন কর সংক্রান্ত পরামর্শ, খাজনা সংক্রান্ত আবেদন এবং পর্চা বিষয়ক সেবা ছিল উল্লেখযোগ্য।

 

এছাড়া ভূমি জরিপ ও রেকর্ড সংক্রান্ত বিষয়েও সাধারণ মানুষকে তথ্য ও দিকনির্দেশনা দেওয়া হয়। এসএ, বিএস, বিআরএস, সিএস ও আরএস জরিপ সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। পাশাপাশি আরআর, পেটি নকশা এবং ফৌজদারি নকল সংক্রান্ত সেবাও প্রদান করা হয়েছে।

মেলায় আগত কয়েকজন সেবাগ্রহীতা জানান, এক জায়গায় একাধিক ধরনের ভূমি সেবা পাওয়ায় তাদের সময় ও ভোগান্তি কমেছে। বিশেষ করে ভূমি সংক্রান্ত জটিল বিষয়ে সরাসরি কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ পাওয়ায় তারা উপকৃত হয়েছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভূমি ব্যবস্থাপনাকে আরও জনবান্ধব ও সেবামুখী করতে এ ধরনের সহায়তা মেলার আয়োজন অব্যাহত থাকবে। সাধারণ মানুষের মধ্যে ভূমি সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত সেবা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।