শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে সাংবাদিক আনিচুর রহমানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

 

 

নিজস্ব প্রতিবেদক:

 

ফরিদপুরে সাংবাদিক আনিচুর রহমান আনিচের ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১১টার দিকে শহরের প্রেসক্লাবের সামনে দেশ টিভি ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ফরিদপুর প্রতিনিধি মো. আনিচুর রহমানের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সাংবাদিক সংগঠনের নেতারা এ কর্মসূচিতে অংশ নেন।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, একটি উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আনিচুর রহমানের ওপর হামলা চালানো হয়। তারা বলেন, এ ধরনের ঘটনা কেবল একজন সাংবাদিকের নিরাপত্তার প্রশ্ন নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও সত্য প্রকাশের অধিকারকে বাধাগ্রস্ত করার শামিল।

 

মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় নিরাপত্তা নিশ্চিত করা না গেলে অনুসন্ধানী সাংবাদিকতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

 

হামলার শিকার সাংবাদিক মো. আনিচুর রহমান আনিচ বলেন, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি একটি সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ অনুসন্ধান করছিলেন। এ সময় তিনি বিভিন্ন পর্যায়ে হুমকির মুখে পড়েন এবং পরবর্তীতে হাসপাতালের ভেতরেও হামলার শিকার হন। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা উদ্বেগজনক। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য।

 

মানববন্ধনে বক্তারা সার্বিকভাবে সাংবাদিকদের নিরাপত্তা জোরদার ও গণমাধ্যমের স্বাধীন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।