শেখ হাচান
ফরিদপুরে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।
সভায় জেলার বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার করা, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার বিভিন্ন বিষয় আলোচনায় গুরুত্ব পায়।
এ ছাড়া সড়ক নিরাপত্তা, যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা মতামত তুলে ধরেন। সভায় অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেন এবং জনগণের নিরাপত্তা ও সেবার মানোন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ প্রতিরোধ এবং উন্নয়ন কর্মকাণ্ড নির্বিঘ্নভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।