চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসনে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর নবগঠিত উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৭ জুন) বিকেল ৩টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংমাচিং মারমা, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, ক্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক তারেক আইয়ুব খাঁন এবং সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ।
সভায় সভাপতিত্ব করেন ক্যাব চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি লিয়াকত আলী লাভলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহম্মাদ আল ইভান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ক্যাব ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি এস.এম. মনিরুজ্জামান মনির, ট্রেজারার রবিউল হাসান (রাজিব), পৌর শাখার সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, নির্বাহী সদস্য মোহাম্মদ আহাদ মিয়া, মোহাম্মদ মোস্তফা কবির, তৌহিদুল ইসলাম তুহিন, শাহাদাত হোসেন, শেখ সুলাইমান, আমির হোসেন, এম.এম. সাইফুর রহমান উজ্জ্বলসহ ক্যাবের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যবৃন্দ।
সভায় বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা জানান, ক্যাব মাঠপর্যায়ে দোকানে দোকানে লিফলেট বিতরণ, সচেতনতামূলক প্রচারণা, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, ট্রেড লাইসেন্স নিশ্চিতকরণ, বাজারে পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্যে ভেজাল প্রতিরোধ, সঠিক ওজন নিশ্চিতকরণ সহ বক্তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে।