সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অপহরণের ২১ ঘণ্টা পর উদ্ধার টিটুল মোল্লা, ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন

আজকের জনকণ্ঠ বার্তা ডেস্ক:

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অপহরণের শিকার হওয়া টিটুল মোল্লা (৩৮) নামের এক ব্যক্তিকে ঘটনার প্রায় ২১ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ জুন) সন্ধ্যায় মধুখালী উপজেলার একটি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, অপহরণের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টিটুল মোল্লা ফরিদপুর শহরের কোতোয়ালি থানার গোয়ালচামট ২ নম্বর সড়ক এলাকার বাসিন্দা এবং মৃত ফরহাদ মোল্লার ছেলে। গত শনিবার রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মশাউজান এলাকায় ঢাকা-ফরিদপুর মহাসড়ক থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

 

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ অনুযায়ী, মধুখালী উপজেলার কানাইপুর এলাকার বাসিন্দা সোহেল গাজী (৩৯) এবং তার সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় আরও কয়েকজন ব্যক্তি এ ঘটনায় জড়িত। অপহরণের পরপরই পরিবার নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

 

অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এর ধারাবাহিকতায় এসআই নুরমোহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল রোববার সন্ধ্যায় মধুখালী উপজেলার একটি এলাকা থেকে টিটুল মোল্লাকে উদ্ধার করে।

 

উদ্ধারের পর তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে দ্রুত ফরিদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপহরণের সময় তিনি শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। তবে এ বিষয়ে চিকিৎসকদের পর্যবেক্ষণ ও তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে পুলিশ।

 

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান শুরু করে এবং অপহৃত ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

 

তিনি জানান, অপহরণের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

 

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্ত শেষ হলে অপহরণের কারণ ও ঘটনার পেছনের প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।