শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ পর্যায়ের সম্ভাব্য বৈঠক এবং ইরান যুদ্ধ পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীদের মধ্যে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা বৃদ্ধি পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

 

বাজার সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, দুর্বল মার্কিন ডলারের প্রভাবে স্পট গোল্ডের দাম ০ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭০৭ দশমিক ০৮ ডলারে পৌঁছেছে। একই সঙ্গে জুন ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারও ০ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭১৩ দশমিক ৮০ ডলারে।

 

বিশ্লেষকদের মতে, বর্তমানে বিনিয়োগকারীরা ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং–এর সম্ভাব্য বৈঠকের ফলাফলের দিকে নজর রাখছেন। দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের অগ্রগতি বৈশ্বিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

বাজার বিশ্লেষক ব্রায়ান ল্যান বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের উচ্চপর্যায়ের আলোচনার অগ্রগতির অপেক্ষায় রয়েছে বিনিয়োগকারীরা। এ কারণে স্বর্ণের বাজার বর্তমানে তুলনামূলক স্থিতিশীল অবস্থায় রয়েছে।

 

অর্থনীতিবিদদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং ইরানকে ঘিরে সংঘাতের আশঙ্কাও স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে। বৈশ্বিক অনিশ্চয়তা বাড়লে বিনিয়োগকারীরা সাধারণত নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকে পড়েন, যা দাম বৃদ্ধিতে ভূমিকা রাখে।