শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইডেন মহিলা কলেজে পুঁজিবাজার বিষয়ে বিনিয়োগ শিক্ষা কর্মসূচি

ইডেন মহিলা কলেজে পুঁজিবাজার বিষয়ে বিনিয়োগ শিক্ষা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ইডেন মহিলা কলেজ–এর শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক একটি বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) কলেজের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)। শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নাজমুন নাহার। এতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন।

 

বিআইসিএম জানায়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজের শিক্ষার্থীদের আর্থিক খাত ও পুঁজিবাজার সম্পর্কে ধারণা দিতে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় ইডেন মহিলা কলেজে এ বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা বেগম, আয়শা সাইয়েদা, সুইটি রানী মোদক, সহকারী অধ্যাপক সৈয়দা তাফহিমা লোপা, পারভীন আক্তার, মোসা. হাফসা খানম, প্রভাষক ফারহানা কাশেম এবং বিআইসিএমের প্রভাষক ইমরান মাহমুদ, ফাইমা আক্তার ও মো. আদনান আহমেদ। এছাড়া কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অনুষ্ঠানে অংশ নেন।

 

কর্মসূচির বিভিন্ন সেশন পরিচালনা করেন বিআইসিএমের প্রভাষকরা। সেশনগুলোতে পুঁজিবাজারের মৌলিক ধারণা, বিনিয়োগ কৌশল, ঝুঁকি ব্যবস্থাপনা এবং আর্থিক সচেতনতা বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়।