সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে ফরিদপুরে পশুর হাট, মহাসড়ক, ব্যাংক-বীমা প্রতিষ্ঠান, স্বর্ণ ব্যবসা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পিপিএম।

সভায় ঈদকে কেন্দ্র করে জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, যান চলাচল নিয়ন্ত্রণ এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার বলেন, পশুর হাটে শৃঙ্খলা বজায় রাখতে কোনোভাবেই মহাসড়কের ওপর হাট বসানো যাবে না। পাশাপাশি প্রতিটি হাটে প্রবেশ ও বাহিরের জন্য পৃথক পথ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

তিনি আরও বলেন, ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে পশুর হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপন, সিসিটিভি ক্যামেরা সচল রাখা এবং অতিরিক্ত টোল আদায় বন্ধে হাট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। গবাদি পশু পরিবহনকারী ব্যবসায়ীদের পথে হয়রানি বা অযৌক্তিকভাবে যানবাহন থামানো থেকেও বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে পরিবহন মালিক ও শ্রমিকদের সহযোগিতা কামনা করে সভায় জানানো হয়, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং ঝুঁকিপূর্ণ ড্রাইভিংয়ের বিরুদ্ধে কঠোর নজরদারি থাকবে। একই সঙ্গে ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, শপিং মল ও স্বর্ণপট্টিসহ গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠানে নিজস্ব নিরাপত্তা জোরদার এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু সম্পর্কে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।

সভায় পুলিশ সুপার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপনে সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, পুলিশ ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতা এবং আস্থার মাধ্যমেই নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদ উদযাপন সম্ভব।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজমসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।