শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়ন প্রকল্প দ্রুত ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের

উন্নয়ন প্রকল্প দ্রুত ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের

 নিউজ ডেস্ক:

স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধব উপায়ে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। সভায় স্থানীয় সরকার বিভাগ ও বিভিন্ন সিটি করপোরেশনের উদ্যোগে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর অগ্রগতি, ব্যয় ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

 

মন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মূল লক্ষ্য হলো জনগণের কল্যাণ নিশ্চিত করা। এজন্য জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি। প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অপচয় যেন না হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

 

সভায় তিনি আরও বলেন, প্রতিটি উন্নয়ন প্রকল্প জনগণের স্বার্থ বিবেচনায় গ্রহণ করা হয় এবং তা জনগণের অর্থায়নেই বাস্তবায়িত হয়। ফলে প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা বজায় রাখা প্রয়োজন। একই সঙ্গে প্রকল্প ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উন্নয়ন কার্যক্রম সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে সহায়তা করে, তবে অনিয়ম বা গাফিলতির কারণে পুরো মন্ত্রণালয়ের সুনাম ক্ষুণ্ন হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

 

সভায় নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পসমূহ সম্পন্ন করার পাশাপাশি জনসেবার মান উন্নয়নে আধুনিক ও টেকসই পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মন্ত্রী।

 

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সিটি করপোরেশনের প্রতিনিধি এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।