নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর সদর উপজেলার ৯ নম্বর কানাইপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে আগামী অর্থবছরের জন্য ২ কোটি ৫৮ লাখ ৩০ হাজার ৭৭৫ টাকার বাজেট উপস্থাপন করা হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট ঘোষণায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ২ কোটি ৫৮ লাখ ৩০ হাজার ৭৭৫ টাকা। এর বিপরীতে ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ২ কোটি ৮ লাখ ১ হাজার ৬৭০ টাকা। ফলে বাজেটে ৫০ লাখ ২৯ হাজার ১০৫ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।

বাজেট উপস্থাপনের আগে চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য আয়ের উৎস, চলমান উন্নয়ন কার্যক্রম এবং আগামী অর্থবছরের বিভিন্ন পরিকল্পনার বিষয়ে বক্তব্য দেন। তিনি স্থানীয় উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাইপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি সদস্য মো. মোতালেব শেখ, পুরদিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন, বেগম রোকেয়া কিশলয় বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. মোস্তাক মোল্লা, ছাইবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হোসেন, কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আক্তার, খাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসন্তি দত্ত, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সহিদ মোল্লা, জাতীয়তাবাদী মহিলা দলের ইউনিয়ন সভানেত্রী রেখা বেগম, সাধারণ সম্পাদক আমেনা বেগম এবং যুবদল নেতা সুমন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ ছাড়া ইউনিয়ন পরিষদের সদস্য, সংরক্ষিত নারী সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।