সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়ালচামটে জলাবদ্ধতা পরিদর্শনে এমপি চৌধুরী নায়াব ইউসুফ সমাধানের আশ্বাস

 

নিজস্ব প্রতিবেদক 

ফরিদপুর পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের গোয়ালচামট এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বৃহস্পতিবার তিনি জলাবদ্ধ এলাকাগুলো ঘুরে দেখেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

 

পরিদর্শনকালে এলাকাবাসী সংসদ সদস্যের কাছে দীর্ঘদিন ধরে চলমান জলাবদ্ধতার কারণে তাদের ভোগান্তির বিভিন্ন দিক তুলে ধরেন। তাদের ভাষ্য অনুযায়ী, বৃষ্টির সময় এলাকায় পানি জমে সড়ক তলিয়ে যায়, ফলে স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য এবং দৈনন্দিন জীবনযাত্রাও এ সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

 

সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, গোয়ালচামট এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার দ্রুত ও টেকসই সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন।

 

পরিদর্শনের সময় ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

 

স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, এ পরিদর্শনের পর জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং এলাকার স্বাভাবিক জনজীবন ফিরে আসবে।