শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

থালাপতি বিজয়ের সম্পদ নিয়ে আলোচনা, হলফনামায় দেখানো হয়েছে ৬২৪ কোটি রুপির সম্পত্তি

থালাপতি বিজয়ের সম্পদ নিয়ে আলোচনা, হলফনামায় দেখানো হয়েছে ৬২৪ কোটি রুপির সম্পত্তি

নিজস্ব প্রতিবেদক:

ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজনীতিতে নতুন ইতিহাস গড়ে অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন থালাপতি বিজয়। প্রায় সাত দশক পর রাজ্যটিতে ডিএমকে বা এআইএডিএমকের বাইরে অন্য কোনো রাজনৈতিক দল সরকার গঠন করায় তার রাজনৈতিক উত্থান নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে নির্বাচনি হলফনামায় উল্লেখ করা তার সম্পদের হিসাব, যেখানে মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৬২৪ কোটি রুপি।

 

হলফনামা অনুযায়ী, বিজয়ের মোট স্থাবর সম্পত্তির মূল্য প্রায় ২২০ কোটি রুপি এবং অস্থাবর সম্পত্তির মূল্য প্রায় ৪০৪ কোটি রুপি। নথিতে তার নামে কোনো ঋণের তথ্য উল্লেখ করা হয়নি।

 

অস্থাবর সম্পদের মধ্যে সবচেয়ে বড় অংশ রয়েছে ব্যাংকে জমা অর্থে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সালিগ্রামাম শাখার একটি সেভিংস অ্যাকাউন্টে তার জমা রয়েছে ২১৩ কোটি রুপির বেশি। এছাড়া বিভিন্ন ব্যাংকে প্রায় ১০০ কোটি রুপি ফিক্সড ডিপোজিট হিসেবে রাখা হয়েছে। এর মধ্যে অ্যাক্সিস ব্যাংকে ৪০ কোটি, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে ২৫ কোটি, এইচডিএফসি ব্যাংকে ২০ কোটি এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় ১৫ কোটি রুপি জমা রয়েছে।

 

২০২৪-২৫ অর্থবছরে বিজয়ের মোট আয় দেখানো হয়েছে ১৮৪ কোটি ৫৩ লাখ রুপি। তার আয়ের উৎস হিসেবে অভিনয়, অন্যান্য পেশাগত কার্যক্রম, ব্যাংকের সুদ এবং বাড়িভাড়া থেকে প্রাপ্ত অর্থের কথা উল্লেখ করা হয়েছে।

 

শেয়ারবাজারে বিজয়ের বিনিয়োগ তুলনামূলকভাবে সীমিত। হলফনামা অনুযায়ী, তার মোট ইক্যুইটি বিনিয়োগের পরিমাণ ২০ লাখ রুপির কম। এর মধ্যে জয়া নগর প্রপার্টি প্রাইভেট লিমিটেডে প্রায় ১৯ লাখ ৬৯ হাজার রুপির শেয়ার রয়েছে। এছাড়া ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক ও সান পেপার মিল লিমিটেডেও তার কিছু বিনিয়োগ রয়েছে।

 

স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ১০টি আবাসিক সম্পত্তি, যার আনুমানিক মূল্য প্রায় ১১৫ কোটি রুপি। এছাড়া বাণিজ্যিক সম্পত্তির মূল্য প্রায় ৮২ কোটি ৮০ লাখ রুপি, অনাবাদি জমির মূল্য প্রায় ২২ কোটি রুপি এবং কোডাইকানালের ভাট্টাপাট্টি গ্রামে কৃষিজমি রয়েছে প্রায় ২০ লাখ রুপির।

 

বিজয়ের নামে একাধিক বিলাসবহুল গাড়িও রয়েছে। হলফনামায় উল্লেখ করা গাড়িগুলোর মধ্যে রয়েছে টয়োটা লেক্সাস ৩৫০, বিএমডব্লিউ আই৭, টয়োটা ভেলফায়ার, বিএমডব্লিউ ৫৩০, মারুতি সুইফট এবং টিভিএস এক্সএল সুপার মোটরসাইকেল।

 

এ ছাড়া তার কাছে থাকা ৮৮৩ গ্রাম স্বর্ণ ও রুপার সামগ্রীর মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ রুপি বলে উল্লেখ করা হয়েছে। পরিবারের সদস্যদের মধ্যে স্ত্রী সঙ্গীতা বিজয়কে ১২ কোটি ৬০ লাখ রুপি, ছেলে জেসন সঞ্জয়কে ৮ লাখ ৭৮ হাজার রুপি এবং মেয়ে দিব্যা সাশাকে ৪ লাখ ৬০ হাজার রুপি প্রদান করেছেন বলেও হলফনামায় উল্লেখ রয়েছে।