সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদারে ১০ আনসার সদস্যের যোগদান

শেখ হাচান 

 

ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর করতে ১০ জন আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল তারা আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগদান করেন। হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, রোগী এবং স্বাস্থ্যসেবা নিতে আসা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

কর্মস্থলে যোগদানের পর নবনিযুক্ত আনসার সদস্যরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস. এম. ইফতেখার আজাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাপনা, দায়িত্ব পালনের বিভিন্ন দিক এবং কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়। পরে স্মারক হিসেবে একটি ফটোসেশনে অংশ নেন তারা।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সে সেবাগ্রহীতা ও কর্মরত জনবলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের সার্বিক শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে আনসার সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে। তাদের নিয়মিত দায়িত্ব পালনের মাধ্যমে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, নতুন আনসার সদস্যদের দায়িত্ব গ্রহণের ফলে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখবে।