সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নর্থ চ্যানেলে জেলা প্রশাসকের দিনব্যাপী উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি

শেখ হাচান 

 

ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে কৃষি উন্নয়ন, শিক্ষা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। বৃহস্পতিবার আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনের পাশাপাশি কৃষক, শিক্ষার্থী ও অসচ্ছল মানুষের মধ্যে বিভিন্ন সহায়তা বিতরণ করা হয়।

দিনের শুরুতে জেলা প্রশাসক ইউনিয়নের সোলার প্যানেলচালিত সেচ ব্যবস্থা এবং সোলারচালিত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তিনি কৃষক বীজাগার ও বীজ বিনিময় কেন্দ্র ঘুরে দেখেন এবং স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। কৃষি উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনাও দেন।

পরে তিনি কম্পোস্ট উৎপাদন ও কুমড়া বড়ি তৈরির কার্যক্রম পরিদর্শন করেন। স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং উৎপাদন ও বাজারজাতকরণসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

এরপর জেলা প্রশাসক চার নটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় কৃষক, শিক্ষার্থী ও উদ্যোক্তাদের মধ্যে গাছের চারা, অনুদানের চেক এবং সোলার প্যানেল বিতরণ করা হয়। পাশাপাশি অসচ্ছল পরিবারের সদস্যদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।

দিনের শেষাংশে ইউসুফ আলী মোহনমিয়া উচ্চ বিদ্যালয়ে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুস্মিতা সাহা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম মাদক, বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ ও সুস্থ সমাজ গড়ে তোলার আহ্বান জানান।

 

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

 

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি উন্নয়ন, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।