শেখ হাচান
ফরিদপুরের সালথা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তবে তার স্বামী অভিযানের সময় পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। সোমবার (৮ জুন) সকাল ৮টা থেকে ৮টা ৪৫ মিনিট পর্যন্ত উপজেলার জুনা গট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ফরিদপুর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বানেচা আক্তার (৩৩) ও তার স্বামী হাসিব শেখের (৩১) বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ঘর থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে বানেচা আক্তারকে তার নিজ বসতঘর থেকে গ্রেফতার করা হয়। তবে অপর আসামি হাসিব শেখ ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় গ্রেফতারকৃত নারী ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।